আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনের আগে চাঁদপুর জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের জন্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশ নিয়েছেন জেলার প্রায় ৯ হাজার সদস্য।
শনিবার সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলার সকল উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, ভোটার সহায়তা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ও কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোহাঃ মাহবুবুর রহমান। তিনি বলেন, জনগণ যেমন নিরাপদ ভোটকেন্দ্র আশা করে, আনসার বাহিনীও ভোটকেন্দ্রকে নিরাপদ রাখবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে সদস্যদের খাবার সরবরাহ নিশ্চিত করা হবে।
প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার ও ভিডিপি দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী ও চারজন নারী সদস্য থাকবেন। আরও দুইজন সদস্য মোবাইল ক্যামেরার মাধ্যমে মনিটরিং করবেন এবং প্রতি ঘন্টায় জেলার রিটার্নিং পরিস্থিতি আপডেট প্রদান করবেন।
সমাবেশের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্যরা।
জেলায় মোট ৭০৬টি ভোটকেন্দ্রে ৯১৭৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!