এস এম পারভেজঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৪৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে। এতে এলাকাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের ৪৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ ধারাবাহিক সাফল্য অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
এ উপলক্ষে ক্ষুদে ফুটবলারদের মাঝে জার্সি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা।
এসময় তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শিশুদের শারীরিক ও মানবিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে তিনি নিজেকে গর্বিত ও আনন্দিত মনে করছেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের ক্রীড়াপ্রেমী ও সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এসব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক সহযোগিতা করেন, তাহলে ভবিষ্যতে এ শিশুরাই জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে। আজকের এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো হাইমচরবাসীর গর্ব।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও জানান, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামের সাধারণ পরিবারের সন্তানদের এমন সাফল্য নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, মো. মেহেদী হাসান, মো. ফারুক মিয়া, মো. বজলুর রশিদ, খাদিজা আক্তার, মো. তাজউদ্দিন আহমেদ, আব্দুল ওয়াহেদ, মো. আব্দুল্লাহ, আফিয়া আক্তার, তাহমিনা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার এমন চর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে এখান থেকেই জাতীয় দলের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি হবে। ক্ষুদে ফুটবলারদের এই সাফল্যে এলাকাবাসী গর্বিত এবং বিভাগীয় পর্যায়ে তাদের উজ্জ্বল সাফল্য কামনা করেছেন।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!