BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সাবেক দুইবারের নির্বাচিত সংসদ সদস্য, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব হারুন অর রশিদ খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৫ নভেম্বর। দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অগ্রগতি এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে মরহুমকে স্মরণ করার নানা আয়োজন গ্রহণ করা হয়েছে।মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সুযোগ্য সন্তানদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর জন্মস্থান চাঁদপুর সদর উপজেলার সফরমালীসহ চাঁদপুর সদর, মতলব এবং জেলার বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব ধর্মীয় প্রতিষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সাহায্য-সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আলহাজ্ব হারুন অর রশিদ খান ১৯৩৪ সালের ১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার তৎকালীন আশিকাটি ইউনিয়নের সফরমালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব সেকান্তর খান। শৈশব থেকেই তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী ছিলেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতা তাঁকে পরবর্তী সময়ে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত হতে অনুপ্রাণিত করে।