সরকারি উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে চূড়ান্ত বিজয়ীরা অংশ নেবেন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ গ্রুপ: তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৮ বছর)
‘খ’ গ্রুপ: তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর)
‘গ’ গ্রুপ: তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর)
উপজেলা বা জোন পর্যায়ে শুরু হয়ে প্রতিযোগীরা পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় ধাপ অতিক্রম করবেন। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।
জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম স্থান অধিকারী পাবেন দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী এক লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী এক লাখ টাকা। এছাড়া ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
অংশগ্রহণে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদনপত্র সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধন করতে হবে।
নাম নিবন্ধনের শেষ তারিখ ৩১ মার্চ। আগামী ১ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন।
লগইন
দেশজুড়ে শুরু হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!