BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির অর্থ হিসেবে দাবি করা নগদ ১০ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন—রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজির হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮)। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও নাজমা বেগম ইয়াবা সংগ্রহ করে হরিপুর ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। নাজমা মাদক বিক্রির অর্থের জোগান ও অন্যান্য কাজে স্বামীকে সহযোগিতা করতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন। পুলিশ জানায়, সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার ভাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামের নয়াবাঁশ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন নাজির হোসেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।