BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ভোটশেষ হতেই রাজধানীমুখী মানুষের ঢল লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ শেষে পুনরায় কর্মস্থল ও নিজ নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছেন।নির্বাচনের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের তৎপরতায় অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটশেষের পর বিকেল থেকে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে রাজধানীগামী যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে।পরিবহন সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিভিন্ন রুটে বাড়তি ট্রিপ পরিচালনা করা হচ্ছে। কোথাও সাময়িক ভিড় থাকলেও সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তারা বলেন, “এমন স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন গত ২০ বছরেও দেখা যায়নি।” ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তোষ প্রকাশ করেন।একজন ভোটার বলেন, “আমরা চাই বাংলাদেশ হবে শান্তি, শৃঙ্খলা এবং সুশাসনভিত্তিক। প্রতিটি নাগরিক সমানভাবে মত প্রকাশের অধিকার ভোগ করবে এবং ন্যায্যভাবে চিকিৎসা, বাসস্থান, শিক্ষা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।”আরেকজন নাগরিক যোগ করেন, “পৃথিবীর অন্যান্য উন্নত রাষ্ট্রের মতো বাংলাদেশেও নাগরিকদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হোক। দল-মত নির্বিশেষে সবাই পরস্পরের সঙ্গে সদাচরণ, সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখুক।”