আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। প্রশ্ন সহজ ও পাঠ্যসূচিভিত্তিক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিকাংশ পরীক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ দেখা যায়। অধিকাংশ পরীক্ষার্থী প্রশ্নপত্রকে সহজ, সময়োপযোগী ও পাঠ্যসূচিভিত্তিক বলে মন্তব্য করেন। এক পরীক্ষার্থী বলেন, “আজকের পরীক্ষা খুবই ভালো হয়েছে। প্রশ্নগুলো সহজ ছিল, তাই আমি সন্তুষ্ট।”
পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তারা উদ্বেগ নিয়ে অপেক্ষা করলেও পরীক্ষা শেষে স্বস্তি প্রকাশ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রশাসনের সমন্বিত তৎপরতায় পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
এদিকে সংশ্লিষ্ট মহল জানিয়েছে, পরীক্ষাকে ঘিরে কিছু অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তারা আশা প্রকাশ করেন, আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।
লগইন
শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি প্রথম দিনের পরীক্ষা, সন্তুষ্ট পরীক্ষার্থীরা
মন্তব্য করার জন্য লগইন করুন!